নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের ব্রিফিং প্যারেড
রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের আয়োজনে ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। একইদিন বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রেঞ্জ অফিস মোছা. রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. নাহিদ হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, অফিসার, ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157242