পটুয়াখালীতে নুরের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

পটুয়াখালীতে নুরের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

পটুয়াখালী-৩ আসনের দশমিনা উপজেলায় বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, গভীর রাতে আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই অফিসে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দেয়। এতে অফিসের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে, খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা অস্থায়ী নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157230