আলেয়া ফেরদৌসীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির নাটকে পুতুল

আলেয়া ফেরদৌসীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির নাটকে পুতুল

অভি মঈনুদ্দীন: এরইমধ্যে ঘোষিত হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ভূষিত হতে যাচ্ছেন নন্দিত অভিনেত্রী উপস্থাপিকা আইনূন পুতুল। ‘সাঁতাও’ সিনেমাতে অভিনয়ের জন্যই তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হচ্ছেন। পুরস্কার ঘোষনার পর থেকেই যেন শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েই যাচ্ছেন পুতুল। পরিচিত, অপরিচিত মানুষজন, ভক্ত, দর্শকের ভালোবাসায় তিনি এই মুহুর্তে এক অন্যরকম আনন্দ আর উচ্ছ্বাসের সময় পার করছেন। বলা যেতে পারে অভিনয় জীবনের সেরা সময়টুকুই পার করছেন পুতুল। এমনটা হওয়াটাই স্বাভাবিক।

কারণ প্রত্যেক শিল্পীরই স্বপ্ন থাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের। কেউ কেউ সারা জীবন অভিনয় করেও এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেখাও পান না। আবার কেউ কেউ একটি সিনেমাতে অভিনয় করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তাই এ ক্ষেত্রে ভাগ্যও অনেক বড় বিষয়। যদিও বা প্রতি বছরই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিষয়ে নানান তর্ক বিতর্ক থাকে কিন্তু এবারের অর্থাৎ ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কয়েকটি পুরস্কার নিয়ে বিতর্ক থাকলেও আইনূন পুতুলের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কারপ্রাপ্তির বিষয়টি নিয়ে সবাই উচ্ছ্বাসই প্রকাশ করেছেন। সবাই এই কথাই বলছেন ‘সাঁতাও’এ পুতুল চরিত্রে পুতুলের অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তি শতভাগ পারফেক্টই হয়েছে। এদিকে পুতুল তার সাধারন কাজ কর্ম ঠিকঠাক মতোই করে যাচ্ছেন।

আজ তিনি ব্যস্ত ছিলেন বাংলাদেশ বেতারের একুশে ফেব্রুয়ারির নাটক নিয়ে। দেলোয়ার হোসেন দুলাল রচিত ও বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী আলেয়া ফেরদৌসীর পরিচালনায় তিনি একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটক ‘সমান্তরাল’- এ অভিনয় করছেন।

পুতুল বলেন,‘ আলহামদুলিল্লাহ সত্যিই জীবনের সেরা সময়টুকুই পার করছি আমি। যেখানেই যাচ্ছি সবাই বেশ আন্তরিকতা নিয়ে সম্মান দিয়ে কথা বলছেন। যদিও আগেও এমন হতো। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির পর যেন আর একটু বদলে গেছে। যেমন বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে আমি খ’তে উন্নীত হয়েছি। হয়তো বিটিভিতেও গ্রেড-এর পরিবর্তন হবে। কাজ হয়তো আগামীতে বাড়বে, সেটা সময়ই বলে দেবে। তবে আমি সময়টা ভীষণ উপভোগ করছি। মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। দর্শকের প্রতি অপরিসীম ভালোবাসা। আর আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় আলেয়া ফেরদৌসী ম্যাডামের নির্দেশনায় অভিনয় করতে পেরেছি।’

পুতুল বৈশাখী টিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘বৈশাখী ফোক’ ও ‘গোল্ডেন সং’এর নিয়মিত উপস্থাপনা করছেন। এছাড়াও বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘আয়না ঘর’এ অভিনয় করছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157216