নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রশাসন সাজাতে পারে।” তবে তিনি এখনই দায়িত্ব ছাড়ছেন না বলে স্পষ্ট করেন।

ড. নিয়াজ আহমদ খান জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি। নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রেখে কিছুদিন দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী সময়ে নতুন সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

পদত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যায় ড. নিয়াজ আহমদ খান বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক গতিশীলতার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, নির্বাচিত সরকার যেন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনর্গঠন করতে পারে, সেটিই তাঁর এই ঘোষণার মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তিনি দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন-পরবর্তী সময়ে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা করবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157179