প্রচার প্রচারণার শেষ দিনে বগুড়া পরিণত হয়েছিলো মিছিলের শহরে
স্টাফ রিপোর্টার : আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচার প্রচারণা। প্রচার প্রচারণার শেষ দিনে বগুড়া শহর পরিণত হয়ে ছিলো মিছিলের শহরে। পাড়ার গলি থেকে শুরু করে শহরের জিরো পয়েন্ট সাতমাথা ছিলো ভোটের মিছিলকারীদের দখলে।
ফলে শহরে দিনভর যানজট লেগেই ছিলো। সকাল ১০ টার আগেই জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা নিজেদের মতো করে শেষ দিন নির্বাচনি কাজে বেরিয়ে পড়েন। বিএনপির ১০ থেকে ২০ জনের একটি করে গ্রুপ পাড়া মহল্লায় মিছিল নিয়ে প্রবেশ করে। মিছিলে মুখরিত করে তোলেন পাড়ার রাস্তাগুলো। মিছিলের সাথে সাথে তারা বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে লিফরেট তিবরণ করেন।
অন্যদিকে জামায়াতে নারী এবং পুরুষ কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরন করে দাঁড়িপাল্লায় ভোট কামনা করেন। উভয় দলের কর্মীরা সর্বোচ্চ কৌশল নিয়ে নির্বাচনি মাঠে নেমে কাজ করেন। ফলে সারা দিনই শহরে নির্বাচনি মিছিলের পরিবেশ বিরাজ করছিলো।
পাড়া মহল্লার পাশাপাশি শহরে বিএনপি এবং জামায়াতে ইসলামী একাধিক মিছিল করেছে। জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে শহরের মিছিল করার পর বিকেলে মহিলা দল ধানের শীষের পক্ষে মিছিল করে। উভয় মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়ে তাদের সামর্থের পরিচয় দেয়।
এছাড়াও শহরের সাইকেল নিয়ে র্যালি করেছেন বগুড়ার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র দলের নেতাকর্মীরা। বগুড়া-৬ সদর আসনে বিএনপির তারেক রহমানের পক্ষে তার নেতাকর্মীরা, জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ তার হাতপাখা প্রতীকে ভোট চেয়ে শেষ বারের মত প্রচারণা চালান।
বাসদের প্রার্থী দিলরুবা মই প্রতীক নিয়ে গণ সংযোগ করেছেন। তবে জেএসডি‘র প্রার্থী আবদুল্লাহ আল ওয়াকি এর কর্মীদের মাঠে দেখা যায়নি। তার কোন প্রচার প্রচারণাও নেই শহরে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157132