খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ীতে বিশেষ দোয়া
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বগুড়ার গাবতলীর বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বাদ আসর নশিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে আছর নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া মাহফিলের আগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় তিনি বলেন, আমাদের এলাকার পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন। এজন্য তিনি দলের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির অভিভাবক হিসেবে ইতিমধ্যেই আবির্ভূত হয়েছিলেন। এমনকি তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাক-স্বাধীনতার জন্য দীর্ঘদিন লড়াই ও সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশ সহ বিশ্বের সমগ্র জাতির কাছে চিরকাল-চিরস্মরণীয় হয়ে থাকবেন। দিনব্যাপী কোরআন খানী শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি মো. সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়, এ্যাব কেন্দ্রীয় নেতা আনিছুর রহমান, ব্যাংকার্স জিয়া পরিষদ বগুড়া অঞ্চলের সভাপতি সামছুজ্জোহা, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, পৌর বিএনপির সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, মাহফুজার রহমান ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল ইসলাম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157110