বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি এবং জামায়াতের জনসভা

বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি এবং জামায়াতের জনসভা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে একই দিনে পৃথক সময়ে বিএনপি এবং জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ আলহাজ কাজী রফিকুল ইসলাম।

অপরটি উপজেলা জামায়াতের আয়োজনে দুপুর ৩ টায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের মাঠে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের বায়তুল মাল বিষয়ক সম্পাদক এবং জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। সমাবেশে দুই দলেরই হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন এবং সমাবেশ শেষে তাদের পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

বিএনপির সমাবেশে আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি দুটি উপজেলার হাসপাতাল ১০০ শয্যায় রুপান্তরিত করবো, যমুনা ও বাঙালি নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান করবো, এলাকার সকল রাস্তাঘাটের সর্বোচ্চ উন্নয়ন করবো, আপনাদের প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড, স্বাস্থ্য কার্ড দেব, যুবক ভাইদের জন্য উপযুক্ত কর্মসংস্থান করে দেব, নারীদের সর্বোচ্চ সন্মান প্রদান করবো। ইনশাল্লাহ বিএনপির নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত লাভ করবে।

বিএনপির সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এড. নূরে আজম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন প্রমুখ।

জামায়াতের সমাবেশে অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, সকলের সমন্বয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। আমরা ধনী, গরিব, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, সাধারণ জনতা সবাইকে নিয়ে একটি চাঁদাবাজমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

আমাদের নারীরা কখনোই চাঁদাবাজদের কাছে সুরক্ষিত না, সন্ত্রাসীদের কাছে নিরাপদ না। আমরা চরাঞ্চলে হাসপাতাল গড়ে তুলব, যমুনা নদীর দুইপাশে কাজ করে নদী শাসন করবো, সেখানে পুলিশ ফাঁড়ি গড়ে তুলবো, মুমূর্ষু রোগীদের জন্য এয়ার এম্বুলেন্স চালু করবো। নারীদের উন্নয়নেও আমরা বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছি। সকল ধর্মের মানুষদের নিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়তে চাই।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন এবং সেক্রেটারি কাজী জহুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মুশতাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় ছাত্র শিবির নেতা হারুনুর রশিদ রাফি, মুজাহিদুল ইসলাম, এড. শাহিন মিয়া, জাকসুর কার্যকরী সদস্য আবু তালহা, বগুড়া জেলা এনসিপির সাধারণ সম্পাদক আনিছার রহমান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুফতি মামুন রহমানি, সোনাতলা উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ফজলুল করিম, আব্দুল ওয়াহাব, জেলা যুবশক্তির আহ্বায়ক মহিদুল নবী মিশু, উপজেলার নায়েবে আমির মাওলানা তোফাজ্জল হোসেন, এনসিপির উপজেলা সভাপতি বুলবুল আহম্মেদ প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157101