ফ্রান্সের কাছ থেকে শতাধিক রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

ফ্রান্সের কাছ থেকে শতাধিক রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এ জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর ওপর আন্তর্জাতিক সম্মেলন হবে ভারতে। সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ম্যাক্রোঁ আসার আগেই এ সংক্রান্ত যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র। আগামী সপ্তাহে এ ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক অঙ্গসংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএকে)। সে বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে, যে ১১৪টি রাফাল ফ্রান্সের কাছ থেকে কেনা হবে। এসবের মধ্যে ১৮টি তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিগুলোও তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে। এই যুদ্ধবিমানগুলোর মধ্যে ৮৮টিতে এক জন পাইলটের বসার জায়গা থাকবে। বাকি ২৬টিতে বসতে পারবেন দু’জন পাইলট।

প্রসঙ্গত, ফ্রান্সের তৈরি রাফাল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৫০ হাজার ফুট ওপরে উঠতে সক্ষম। রাফাল একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী মেশিনগান বহন এবং অপারেশনে সক্ষম। 

২০২০ সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত ফ্রান্স থেকে পর্যায়ক্রমে ৩৬টি রাফাল এসেছে ভারতে। এসবের মধ্যে  ৮টি দু’আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমানও রয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157029