ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ : সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ : সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহে নির্বাচনি জনসভায় নাহিদ এ হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে, এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে, দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন। আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। নির্বাচন কমিশনের বিষয়ে এনসিপি আহ্বায়ক আরও বলেন, আমরা এতদিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। ইলেকশনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া, মানুষের কন্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়ার কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না।

নাহিদ জানান, তাদের প্রতিনিধিরা আজ সোমবার নির্বাচন কমিশনে যাচ্ছেন। নির্বাচন কমিশনকে উদ্দেশ করে নাহিদ বলেন, ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন, করেছেন। ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীকেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন। বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন। গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন গণঅভ্যুত্থানের হাজারো শহিদের হাজারো মানুষের রক্তের ওপর দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না।

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহত করা হবে হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ভোট কেন্দ্রে থাকব। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করবে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157028