থানায় জিডি করতে গিয়ে পুলিশী হামলার শিকার ঢাবি শিক্ষার্থী, আইফোন ভাঙচুর

থানায় জিডি করতে গিয়ে পুলিশী হামলার শিকার ঢাবি শিক্ষার্থী, আইফোন ভাঙচুর

ঢাবি প্রতিনিধি : শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সাব্বির আহমেদ। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানার গেটের কাছে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ সময় তার সঙ্গে থাকা আইফোনও ভেঙে যায়।

আহত শিক্ষার্থী সাব্বির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। এ বিষয়ে তিনি শাহবাগ থানায় জিডি করবেন বলেও জানান।

জানা গেছে, পুলিশের মারধরের পর সেই শিক্ষার্থী কোনোভাবে দৌড়ে শাহবাগের একটি ফুলের দোকানে আশ্রয় নেন। প্রায় ১ ঘণ্টা পর সেখান অবস্থানের পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে হলে পৌঁছে দেয় বলে জানিয়েছেন প্রক্টর প্রফেসর ড. সাইফুদ্দিন আহমদ।

ভুক্তভোগী ফেসবুক ভিডিওতে  বলেন, তিনি তার বিভাগের এক আপুকে সঙ্গে নিয়ে শাহবাগ থানায় জিডি করতে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথমে কিছু সময় অপেক্ষা করতে বলেন। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর থানার সার্ভার সমস্যার কথা বলে জিডি করতে দেরি হবে বলে জানানো হয়। পরে বন্ধুকে খুঁজতে থানার সামনে গেলে এক পুলিশ সদস্য তাকে জিজ্ঞেস করেন কেন এসেছেন।

জিডি করতে এসেছেন বলে জানালে তাকে থানার ভেতরে যেতে বলা হয়। তিনি বলেন, ভেতরে ঢোকার সময় থানার গেটের সামনে কিছুক্ষণ পরই কয়েকজন পুলিশ কোনো কিছু জিজ্ঞেস না করেই লাঠি দিয়ে তাকে বেধড়ক মারতে থাকেন। এর ফলে তার হাত ও পিঠে আঘাত লাগে। ডান হাতের কবজিতে বেশি আঘাত পাওয়ায় তাৎক্ষণিক এক্স-রে করাতে হয়েছে।
তিনি আরও বলেন, 'পুলিশ আমাকে মারার সময় আমার পকেটে থাকা আইফোনটি লাঠির আঘাতে ভেঙে যায়। এই ফোনটা আমার খুবই কষ্টের টাকা ও ঋণ নিয়ে কেনা ছিল। ফোনের টাকাও এখনো সম্পূর্ণ পরিশোধ করিনি। এই ফোন বা এই পরিমাণ টাকা আমার জন্য অনেক বেশি, যেটা আমার সামর্থ্যের বাইরে। এখন আমি ক্ষতিপূরণ চাইব কার কাছে, বিচার চাইব কার কাছে?'

সাব্বির আহমেদের ভাষ্য, 'পুলিশ থানা প্রাঙ্গনে আমাকে এভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমি আমার নাগরিক অধিকার নিতে থানায় গিয়ে আহত হয়ে ফিরেছি। কার কাছে বিচার চাইব? থানায় গেলে হয়তো আবারও হামলার শিকার হবো। এ বিষয়ে এখনো অভিযোগ করিনি। তবে আজ বিকেলে প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ জানাব।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সাইফুদ্দিন আহমদ বলেন, 'গতকাল তাকে জহুরুল হক হল সংসদের সহায়তায় উদ্ধার করে মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে পৌঁছে দেওয়া হয়। সে লিখিত অভিযোগ দিলে আমি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।'

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156818