বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কষ্ঠার্জিত জয় পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক : লক্ষ্যটা ছোটই ছিল ১৪৮ রান। ৬ ওভারে ৬১ আর ১০ ওভারে ৯০ রান নিয়ে ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ের পথেই ছিল পাকিস্তান। সেই ম্যাচটাই কঠিন হয়ে যাচ্ছিল ভারত ম্যাচ বয়কট করা পাকিস্তানের জন্য। তবে শেষমেশ তা হয়নি ফাহিম আশরাফের কল্যাণে। শেষ দিকে তার ১১ বলে ২৯ রানের দারুণ এক ক্যামিও পাকিস্তানকে এনে দেয় ৩ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়।
ভারত ম্যাচ বয়কটের কারণে প্রতিটি ম্যাচই এখন পাকিস্তানের জন্য ডু অর ডাই, সঙ্গে চোখ রাখতে হবে নেট রান রেটেও। সে কারণে বড় বড় সব জয় চাই। সে জন্যেই হয়তো, ১৪৮ রানের লক্ষ্য হলেও পাকিস্তান শুরুতে ওভারপ্রতি রান তুলছিল ১০ করে। শুরুটা করে দেন সাইম আইয়ুব। ১৩ বলে ২৪ করে তিনি যখন ফেরেন ইনিংসের তৃতীয় ওভারে, তখন দলের রান মোটে ২৭।
তার বিদায়ের পর হাল ধরেন সাহিবজাদা ফারহান। তিনে নামা অধিনায়ক সালমান আলী আগা দ্রুত ফিরে গেলেও ৩১ বলে ৪৭ রানের ইনিংসে দলকে তরতরিয়ে এগিয়ে নিচ্ছিলেন ফারহান। তবে তিনি আউট হতেই বিপাকে পড়ে যায় পাকিস্তান। দলীয় ৯৮ রানে বিদায় নেন তিনি, এর ৭ বলের ব্যবধানে উসমান খান আর বাবর আজমকেও খুইয়ে বসে দলটা।পরিস্থিতি আরও খারাপ হয় শাদাব খান আর মোহাম্মদ নওয়াজকে ১১৪ রানের মাথায় হারিয়ে ফেললে। ৩৪ রান দূরে থাকতে ৭ উইকেট হারায় পাকিস্তান। এরপরই শুরু আশরাফ জাদুর। যদিও তার পথটা মসৃণ ছিল না। ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকালেও পরের বলেই ক্যাচ তুলে দেন তিনি। তবে ম্যাক্স ও’ডাউড ক্যাচটা নিতে পারেননি। সে ওভারেই আরও দুই ছক্কা আর এক চারে ডাচদের সম্ভাবনা শেষ করে দেন তিনি।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান, সেটা তুলতে সমস্যাই হয়নি সালমানের দলের। ফাহিম মূলত অলরাউন্ডার হলেও তাকে আজ বোলিংয়ে আনা হয়নি, বিশেষজ্ঞ ব্যাটারের মতোই তিনি তার দায়িত্বটা পালন করেছেন ব্যাট হাতে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156806