ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ ফেব্রুয়ারির সব পরীক্ষা স্থগিত
ঢাবি প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারির সব পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ বা ইনস্টিটিউটগুলোর পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী পরে ঘোষণা করা হবে।
তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটগুলোর পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156789