মাঠে নামার আগে বাংলাদেশকে স্কটল্যান্ডের বার্তা

মাঠে নামার আগে বাংলাদেশকে স্কটল্যান্ডের বার্তা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ না খেলায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বে ইতালির কাছে হারতে হয়েছিল তাদের। এমনকি জার্সি নামের অপরিচিত দলও পয়েন্ট টেবিলে তাদের ওপরে ছিল। ভাগ্য খোলে, নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে আইসিসি বাদ দিলে। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপেই জায়গা পায় স্কটল্যান্ড। 

বিশ্বকাপের শুরুর দিনে আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা ছিল বাংলাদেশের। সেখানে আজ মাঠে নামছে স্কটিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী স্কটল্যান্ড। তবে বাংলাদেশের বিরুদ্ধেও সহানুভূতিশীল তারা। শুক্রবার ম্যাচের আগের দিন স্কটল্যান্ডের বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট বলছেন, ‘আমরা সম্প্রতি দু’বার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। তাই আবারও ওদের না হারানোর কোনো কারণ নেই।’ বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এই প্রসঙ্গে ওয়াট বলেন, ‘হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ পেয়েছি। আমরা জানতাম না এমনটা হবে। সব কিছু গত ১০ দিনে ঘটেছে। আমরা এমন সুযোগ পেয়ে উত্তেজিত। ভারতে বিশ্বকাপ আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘অনেকদিন পর আমরা ভারতে খেলছি। আমরা জানি এখানকার উইকেট স্পিন সহায়ক। রশিদ খান, মোহাম্মদ নবির সঙ্গে কথা বলেছি। ওরা এখানে নিয়মিত খেলে। কলকাতায় কীভাবে বোলিং করতে হয় সেই পরামর্শ ওদের কাছে পেয়েছি। তবে আমরা বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বকাপে থাকা উচিত ছিল। উপরের সারির দলকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা সবাই খেলার জন্য প্রস্তুত।’

স্কটল্যান্ডের বাঁহাতি এই স্পিনার বলেন, ‘স্কটল্যান্ডে এখন অনেকেই ক্রিকেটের ব্যাপারে আগ্রহী। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসছে। তরুণরা ক্রিকেটকে পেশা হিসাবে বেছে নেওয়ার কথা ভাবছে।’ তাদের যে হালকাভাবে নেয়া যাবে না সেকথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের হালকাভাবে নেবেন না। আমরা বেশ কয়েকটি অঘটন ঘটিয়েছি।’

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156786