গাইবান্ধা-৫ আসনে ফুলছড়িতে প্রিজাইডিং অফিসার প্যানেলে রাজনৈতিক সম্পৃক্তদের নিয়োগের অভিযোগ

গাইবান্ধা-৫ আসনে ফুলছড়িতে প্রিজাইডিং অফিসার প্যানেলে রাজনৈতিক সম্পৃক্তদের নিয়োগের অভিযোগ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের ফুলছড়ি উপজেলায় প্রিজাইডিং অফিসার নিয়োগে গুরুতর অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছে। প্যানেলভুক্ত কর্মকর্তাদের একটি বড় অংশ সরাসরি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে দাবি করেছেন বিএনপি প্রার্থীর প্রতিনিধি।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার ৫৭টি ভোটকেন্দ্রের জন্য ইতোমধ্যে ৬৩ জন প্রিজাইডিং অফিসারকে প্যানেলভুক্ত করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। তবে তালিকা প্রকাশের পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সম্প্রতি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, প্যানেলভুক্ত ৬৩ জন কর্মকর্তার মধ্যে অন্তত ১৩ জন সরাসরি জামায়াতে ইসলামীর সক্রিয় রাজনীতির সাথে যুক্ত। তালিকায় থাকা ওই কর্মকর্তারা বিভিন্ন কলেজ ও সিনিয়র মাদ্রাসায় কর্মরত থাকলেও তারা দীর্ঘদিন ধরে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অভিযোগকারীদের মতে, রাজনৈতিক পরিচয় গোপন রেখে তাদের প্যানেলভুক্ত করা নির্বাচন কমিশনের আচরণবিধি ও প্রশাসনিক নিরপেক্ষতার সুস্পষ্ট লঙ্ঘন। পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের ভোটগ্রহণের দায়িত্বে রাখলে নির্বাচনের স্বচ্ছতা ব্যাহত হবে এবং ভোটারদের মধ্যে অনাস্থা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মকর্তাদের নিরপেক্ষতা অপরিহার্য। রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার অপচেষ্টা হতে পারে। আমরা অবিলম্বে এই প্যানেল পুনর্বিবেচনা করে নিরপেক্ষ ও বিতর্কমুক্ত কর্মকর্তাদের নিয়োগের দাবি জানিয়েছি।

অভিযোগের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, বিএনপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156750