বগুড়ার কাহালুতে কূপের ২০ ফুট নিচে মাটিচাপা পড়েন আজিজুল, আধা ঘণ্টা পর জীবিত উদ্ধার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে টয়লেট নির্মাণের কূপ খনন করতে গিয়ে কূপের ২০ ফুট নিচে মাটি চাপা পড়েছিলেন শিবগঞ্জ উপজেলার খননকারী আজিজুল হক। তবে ঘটনার আধাঘণ্টা পর গ্রামবাসী কূপ থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। ঘটনাটি ঘটে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগোইল গ্রামে।
কূপ খননকারী আজিজুল হক বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের সৈয়দপুর ভাটরা গ্রামের আব্দুল আজিজের ছেলে। জানা গেছে, কূপ খননকারী আজিজুল আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাগোইল গ্রামের আব্দুল খালেকের বাড়িতে টয়লেট নির্মাণের জন্য কূপ খনন করতে আসেন। ২০ ফিট কূপ খনন সম্পন্ন হবার সময় বেলা ১১ টার দিকে কূপের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে কূপের উপর থেকে মাটি ধ্বসে পড়লে তিনি মাটির নিচে চাপা পড়েন।
এরপর খালেকের বাড়ির লোকজনের চিৎকারে গ্রামের মানুষ ঘটনাস্থলে এসে আপ্রান চেষ্টা করে কূপের মধ্যে থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়।
কূপ খননকারী আজিজুল হক বলেন মাটির নিচে চাপা পড়ে অক্সিজেনের অভাবে তার সারা শরীর অবশ হয়ে আসছিল। তবে সময় মতো গ্রামের মানুষ তাকে উদ্ধার করতে না পারলে তার মৃত্যু হতো। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে রয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156747