রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩ আহত ১২

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩ আহত ১২

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে পীরগঞ্জ ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই স্থানে ভোরে দুইটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় গাজীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির যাত্রীবাহী কোচ হানিফ পরিবহন বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় বাসে থাকা রাহিমা আক্তার মুন্নি (৩৫) ঘটনাস্থলে নিহত হন। তিনি গাজীপুর জেলার বাসিন্দা। এছাড়া গুরুতর আহত অবস্থায় রংপুরের হারাগাছ এলাকার আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হারাগাছের আব্দুর রাজ্জাকের ছেলে আরাফাত সানি সানভিরের মৃত্যু ঘটে।

খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা ও রংপুর রিজিয়নের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156739