ময়মনসিংহে ৫ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

ময়মনসিংহে ৫ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা পুলিশ ভুয়া ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত্রীকালীন নিয়মিত অভিযানের সময় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ফুলবাড়িয়া থানার এসআই মোশাররফ ও এসআই শুভ্রর নেতৃত্বে দুটি পৃথক আভিযানিক দল রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তারা নিজেদের মধ্যে দুইজনকে এসআই ও একজনকে এএসআই পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানা যায়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকা থেকে একজন এবং ত্রিশাল থানা এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়ায় পাঁচজন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সবাই ত্রিশাল থানা এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোঃ সারোয়ার হোসেন (২৪), মোঃ রাকিবুল হাসান রনি (২৪), মোঃ শাহাদত হোসেন নয়ন (৩০), মোঃ সারোয়ার আলম (২৪) এবং মোঃ আশরাফুল আলম (২৩)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি ডিবি পুলিশের জ্যাকেট, ২টি হ্যান্ডকাফ, ৫টি ভুয়া ডিবি আইডি কার্ড, ১টি ওয়াকিটকি, ৭টি মোবাইল ফোন, ১টি মনিটরসহ ডেস্কটপ কম্পিউটার, ১টি কালার প্রিন্টার এবং ৭টি ভুয়া ওয়ারেন্ট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা পুলিশের পোশাক ও পরিচয় ব্যবহার করে মহাসড়ক ও বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, অপহরণ এবং ওয়ারেন্ট তামিলের ভয় দেখিয়ে টার্গেটকৃত ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায় করত।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে জব্দকৃত আলামত বিশ্লেষণ এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156658