ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে মনজুলা মোরশেদের যোগদান
ব্র্যাক ব্যাংক সম্প্রতি মনজুলা মোরশেদকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। তাঁর মত একজন অভিজ্ঞ এইচআর প্রফেশনালের এই নিয়োগ ব্যাংকটির ‘পিপল-ফার্স্ট’ এজেন্ডার প্রতিফলন। এর মাধ্যমে ব্যাংকের সিনিয়র লিডারশিপ টিম আরও সমৃদ্ধ হলো।
মনজুলা মোরশেদের নিয়োগ ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। তিনি ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।
টেলিকমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং ও এফএমসিজি খাতে মানবসম্পদ ও সাংগঠনিক নেতৃত্বে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে মনজুলা মোরশেদের। কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা, বৃহৎ পরিসরের সাংগঠনিক রূপান্তর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ-উপযোগী সক্ষমতা গড়ে তোলার বিষয়ে ইন্ডাস্ট্রিতে তিনি বিশেষভাবে পরিচিত।
এই নিয়োগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “অভিজ্ঞ এইচআর প্রফেশনাল হিসেবে মনজুলা মোরশেদের নিয়োগ ব্র্যাক ব্যাংকের রূপান্তরমুখী কৌশলগত পরিকল্পনার প্রতিফলন।
এমন পরিকল্পপনার মাধ্যমে আমরা দেশের সবচেয়ে আস্থার, সবচেয়ে উদ্ভাবনী ও সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে এইচআর স্ট্র্যাটেজি কার্যকরভাবে সামঞ্জস্য করার ক্ষেত্রে তাঁর সক্ষমতা ব্র্যাক ব্যাংককে একটি নির্দিষ্ট লক্ষ্যমুখী ও উচ্চ-কর্মক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “তাঁর দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা ব্র্যাক ব্যাংকে কর্মসহায়ক সংস্কৃতি নিশ্চিত করার পাশাপাশি চেঞ্জ ম্যানেজমেন্ট ও ট্যালেন্ট ম্যানেজমেন্টেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা ব্যাংকের দ্রুত ও টেকসই প্রবৃদ্ধির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে মনজুলা মোরশেদ সেকেন্ড মাউন্টেন কনসাল্টিং-এ লিড কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে কৌশলগত মানবসম্পদ বিষয়ে পরামর্শ প্রদান করেন। এর আগে তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে সিনিয়র লিডারশিপ পর্যায়েও দায়িত্ব পালন করেন।
তাঁর প্রফেশনাল জার্নির ভিত্তি গড়ে উঠেছে শক্তিশালী একাডেমিক ও এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট অভিজ্ঞতার ওপর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং ইনসিয়াড, লন্ডন বিজনেস স্কুল ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে এক্সিকিউটিভ লিডারশিপ ও অ্যাডভান্সড এইচআর প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156645