লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি
নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্র থেকে দুইটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।
 
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় নির্ধারিত সময় অনুযায়ী স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন। এরপর টানা তিন দিন বিদ্যালয় বন্ধ ছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুইটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে একই চিত্র দেখা যায়।
 
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, “বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী বিদ্যালয় বন্ধ করে আমরা বাড়ি চলে যাই। তিন দিন পর সোমবার এসে দেখি ভোটের জন্য স্থাপিত দুইটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।”
 
 
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, “এটি একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় ধরনের বাধা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই কাজ করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”
 
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, “যারা নির্বাচনে কারচুপি করতে চায় কিংবা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এটি তাদের নাশকতামূলক কার্যক্রমের অংশ হতে পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটি সরিয়েছে, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।”
 
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “বিষয়টি আমার জানা আছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156639