সারাদেশে ৭ লাখ ৭১ হাজার ভোটার স্থানান্তর, বিএনপি বলছে অস্বাভাবিক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার স্থানান্তর নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিএনপি। তবে কমিশন বলেছে স্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হয়েছে। এবার ঢাকার ২০টি আসনে ৫০ হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ তথ্য সঠিক নয় বলে আপত্তি জানিয়েছে বিএনপি।
ইসি সূত্র জানায়, এবার সারা বাংলাদেশ থেকে আবেদন এসেছে আট লাখ ৪ হাজারের মতো। যার মধ্যে অনুমোদন (ভোটার স্থানান্তর করা হয়েছে) ৭ লাখ ৭১ হাজার। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ঢাকা জেলার ২০ টি আসন নিয়ে যেখানে মোট ভোটার স্থানান্তর করা হয়েছে ৫০ হাজার ৯৯২ জন ভোটারের যারা আবেদন করেছিলো তাদের মধ্যে থেকে। বিগত বছরগুলোর ভোটার স্থানান্তর তথ্য পর্যালোচনা করলে এটি অস্বাভাবিক ভোটার স্থানান্তর নয়, বরং স্বাভাবিক।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর কিছু আসনে ভোটার স্থানান্তর নিয়ে অভিযোগ করেই আসছে বিএনপি। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ করেছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে। ইসি সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানতে পেরেছেন কোনো আসনেই দুই-তিন হাজারের বেশি স্থানান্তর হয়নি। আমরা এই উত্তরে সন্তুষ্ট হতে পারিনি। ইসিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এমন হোল্ডিং নাম্বার যেখানে পাঁচজনের বেশি থাকার কথা না সেখানে ২০, ২৫ জন ভোটার থাকার অভিযোগ আমাদের কাছে এসেছে। এরাই ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনে জড়িত। ইসির এ ব্যাপারে নজর দেয়া দরকার।
গত ১৮ জানুয়ারি বিএনপি মতহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীকে জেতাতে বাইরের ভোটারদের রাজধানী ঢাকায় স্থানান্তরের মত ‘কূটকৌশল’ নিয়েছে।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিএনপির অভিযোগ নিয়ে সাংবাদিকদের বলেন, ‘একটা দল অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে; পুরুষ-মহিলা সবার সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এ সমস্ত কথাবার্তা বলছেন তারা।’
ভোটার স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, ভোটার স্থানান্তর তো সারা বছর ধরে হয়ে থাকে। সাধারণত উপজেলা/থানা পর্যায় থেকে আবেদন করা হয়ে থাকে। অস্বাভাবিক হারে স্থানান্তরের ঘটনা নেই এবার।
বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, বিএনপির অভিযোগ নিয়ে যেহেতু কমিশনের সঙ্গে আলোচনা করেছেন, বিষয়টি সেদিক থেকে স্পষ্ট করা হতে পারে।
সারাদেশে ভোটার স্থানান্তরের চিত্র
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে ভোটার স্থানান্তরের আবেদন পড়েছে প্রায় ৮ লাখ ৪ হাজারটি। এর মধ্যে স্থানান্তর সম্পন্ন হয়েছে ৭ লাখ ৭১ হাজার ভোটারের।
১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে কুমিল্লা অঞ্চলে—১ লাখ ৫ হাজার ৫৪৩ জন। ঢাকা অঞ্চলে স্থানান্তর হয়েছে ৮৬ হাজার ৮২৫ জন, বরিশালে ৮৫ হাজার ৭২০ জন, খুলনায় ৮১ হাজার ৭২৫ জন এবং ময়মনসিংহে ৭৮ হাজার ৮০৫ জন। সবচেয়ে কম ভোটার স্থানান্তর হয়েছে সিলেট অঞ্চলে—২৭ হাজার ৫৭৬ জন।
ঢাকা জেলার ২০টি আসনে মোট ভোটার স্থানান্তর হয়েছে ৫০ হাজার ৬৪৭ জন। এর মধ্যে ঢাকা-১ আসনে ৪ হাজার ৭৩২ জন এবং ঢাকা-১৮ আসনে ৪ হাজার ৭০ জন ভোটার স্থানান্তর হয়েছেন। ঢাকা-১৭ আসনে স্থানান্তর হয়েছেন ৩ হাজার ৬৬৪ জন এবং ঢাকা-১৫ আসনে ৩ হাজার ৫২০ জন ভোটার।
গত চার বছরে মোট ভোটার স্থানান্তর হয়েছে ২১ লাখ ১৫ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ২০২৪ সালে ৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন, ২০২৩ সালে ৪ লাখ ৬১ হাজার ৫৫৯ জন এবং ২০২২ সালে—ভোটার হালনাগাদের বছরে—৭ লাখ ১৭ হাজার ২০৮ জন ভোটার স্থানান্তর হয়।
ভোটার স্থানান্তর বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, ভোটার স্থানান্তর সারা বছরই হয়ে থাকে এবং সাধারণত উপজেলা বা থানা পর্যায় থেকে আবেদন করা হয়। তাঁর দাবি, এবার অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তরের কোনো ঘটনা নেই।
বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কমিশনের সঙ্গে আলোচিত হয়েছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ১২০ জন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156503