প্রতিপক্ষকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ও সহিংসতার বদলে ‘আইডিয়ার লড়াই’ নিয়ে প্রতিপক্ষকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দেশের মানুষের জন্য সবচেয়ে কার্যকর নীতিমালা কী হতে পারে এই প্রশ্নে সম্প্রতি সকল রাজনৈতিক দলকে মিলিত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
ডা. শফিকুর রহমানের এই আহ্বানকে সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। ডাকসু এই বিতর্ক আয়োজনে আগ্রহী বলেও জানিয়েছেন ভিপি সাদিক।
ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৪ মিনিটে লিখেছেন, ‘আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন, ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি, কে এই দেশের মানুষের সেবা আরও ভালোভাবে করতে পারে, তা প্রমাণ করার জন্য।’
জামায়াত আমির তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামায়াত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও মানুষের কথা শোনার একটি ভিন্ন ধারা তুলে ধরছে।’
তিনি সহিংসতার বিপরীতে কল্যাণমুখী রাজনীতির কথাও তুলে ধরেছেন, ‘মানুষ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে।’
শফিকুর রহমানের এই আহ্বানকে সমর্থন জানান ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, তিনি মন্তব্য করেন, ‘ডাকসু এটি (বিতর্ক) আয়োজন করতে আগ্রহী।’ তবে বিতর্কের কাঠামো, ফরম্যাট বা আয়োজনের বিস্তারিত কী হবে সেই বিষয়ে কিছু জানাননি তিনি।
এক্ষেত্রে বড় প্রশ্ন হলো—বিএনপি বা দলটির চেয়ারম্যান তারেক রহমান এই আহ্বানে সাড়া দেবেন কি না। নির্বাচনি প্রচারে ব্যস্ততার মধ্যে তারেক রহমানের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি তারেক রহমান এ বিতর্কে অংশ নেন, তবে এটি হবে জাতীয় রাজনীতিতে নতুন ভাবনার লড়াইয়ের এক দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন।
একদিকে দাঁড়িয়ে আছে জামায়াতের আহ্বান, অন্যদিকে অপেক্ষা করছে বিএনপির প্রতিক্রিয়া। দেশের মানুষ কি এই বিতর্কের মাধ্যমে প্রার্থীদের নীতিমালার তুলনা করতে পারবে? সময়ই তার উত্তর দেবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156485