তরুণ ভোটারদের সঙ্গে ব্যতিক্রমী আড্ডা করলেন জাইমা রহমান

তরুণ ভোটারদের সঙ্গে ব্যতিক্রমী আড্ডা করলেন জাইমা রহমান

তরুণ ভোটারদের সঙ্গে অন্যরকম আড্ডা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের সরাসরি সংলাপ তৈরির লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান ‘চায়ের আড্ডা’ নামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমান। এসময় তিনি তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা বিনিময় করেন।

দেশ গড়ার কাজে সব মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এর জন্য কমন একটি প্লাটফর্ম প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে জাইমা রহমান অনলাইন দুনিয়ার সাইবার বুলিং নিয়েও নিজের উদ্বেগের কথা জানান।

তিনি বলেন, সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলে হবে না, কার্যকর প্রয়োগ থাকতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যালয় বাংলাদেশে স্থাপন করলেও এই সমস্যার অনেকটা সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

চায়ের আড্ডায় বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তরুণদের ভাবনা, সমস্যা ও স্বপ্ন বিষয়ে জানতে চান জাইমা রহমান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে উঠে আসে রাজধানীর বায়ুদূষণ, যানজট, চাকরি সমস্যাসহ নানা বিষয়। এসময় দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও কথা বলেন জাইমা।

তার মতে, প্রাথমিক পর্যায় থেকেই ব্যবস্থা নিলে শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব। পাশাপাশি উচ্চশিক্ষা পর্যায়ে মূল কারিকুলামের বাইরে ব্যবহারিক কার্যক্রম বা সহশিক্ষা ব্যবস্থা থাকা উচিত।

দেশের জন্য তরুণদের কাজ করার আগ্রহকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়ে জাইমা রহমান আরও বলেন, সব মানুষ যেন দেশ গড়ার কাজে অংশ নিতে পারে সেরকম প্লাটফর্ম দেওয়া প্রয়োজন। সব শেষে আমন্ত্রিত অতিথিদের আগামীতে আবারও একইরকম আড্ডায় বসার প্রতিশ্রুতি দেন তিনি।

আয়োজকরা জানান, তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে একটি অর্থপূর্ণ ও গঠনমূলক সংলাপ তৈরির লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানে তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা মনোযোগ সহকারে শোনেন ব্যারিস্টার জাইমা রহমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156419