বিএনপি ও ছাত্রদলের নারী নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি : ভোলা ও চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠন ছাত্রদলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবির।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, “৫ আগস্টের পর থেকেই বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা চাঁদাবাজি, জমি দখলসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এ সময়ের মধ্যে তারা অন্তত ২৩০ জন মানুষকে হত্যা করেছে।” বক্তারা বলেন, “নারীদের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে তারা কাপুরুষোচিত আচরণ করছে।” এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান বলেন, “৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি। লন্ডন থেকে পরিচালিত এক নেতার অনুসারীরা এ পর্যন্ত ২৩০ জন মানুষকে খুন করেছে। সেই নেতার দেশে ফেরার পর হত্যাকাণ্ডের সংখ্যা আরও বেড়েছে।” তিনি আরও বলেন, “গাজীপুরে একজন মা খুন হয়েছেন, চট্টগ্রামে সংঘটিত হয়েছে ধর্ষণের মতো জঘন্য অপরাধ। তারা শুধু তাই নয়, বিভিন্ন সমাবেশেও হামলা চালিয়েছে।”
ঢাবি শিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দীন খান বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই—যারা এই বাংলায় আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে দেশছাড়া করবে।” তিনি বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এখনই সংশোধিত হন। সংশোধিত হতে না পারলে লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিন।”
তিনি আরও অভিযোগ করেন, “তারা বাংলাদেশকে চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছে এবং দলবদ্ধভাবে নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধে জড়িত হয়েছে।”
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে নিজ নিজ হলে চলে যান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156393