ইস্পাহানি গ্রুপের বহুমুখী পণ্যসম্ভার গালফ ফুড ফেয়ার ২০২৬-এ

ইস্পাহানি গ্রুপের বহুমুখী পণ্যসম্ভার গালফ ফুড ফেয়ার ২০২৬-এ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপ বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় প্রদর্শনী ‘গালফ ফুড ফেয়ার ২০২৬’-এ অংশগ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সিবিশন সেন্টারে পাঁচ দিনব্যাপি এ মেলা সোমবার থেকে আয়োজিত হয়েছে।   আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ইস্পাহানি তাদের বহুমুখী ও জনপ্রিয় পানীয় ও খাদ্যপণ্য উপস্থাপন করে।

প্রদর্শনীতে ইস্পাহানি গ্রুপের ইস্পাহানি মির্জাপুর চা, ব্লেন্ডার’স চয়েস প্রিমিয়াম গ্রিন টি ও ব্ল্যাক টি, বেকারি ফ্রেশ কুকিজ, মাইটি চিপস, ইস্পাহানি সরিষা তেল, ইস্পাহানি পার্বণ চিনিগুড়া চাল, ইস্পাহানি চানাচুর, ইস্পাহানি টোস্ট বিস্কুটসহ আরও বিভিন্ন ইস্পাহানি পণ্য প্রদর্শিত হয়। এসব পণ্য আন্তর্জাতিক ক্রেতা, আমদানিকারক ও ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ আকর্ষণ করে এবং ইতিবাচক সাড়া পায়।

এই ফেয়ারে ইস্পাহানি গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক জনাব এইচ এম ফজলে রাব্বি এবং ইস্পাহানি ফুড’স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক জনাব শুকলা সরকার। তারা জানান, বিশ্ববাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের সম্ভাবনা তুলে ধরা, পাশাপাশি ইস্পাহানির গুণগত মান ও শক্তিশালী ব্র্যান্ড ইমেজ উপস্থাপন করাই এ অংশগ্রহণের মূল লক্ষ্য। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং রপ্তানি কার্যক্রম সম্প্রসারণে গালফ ফুড ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গালফ ফুড ফেয়ার বিশ্বব্যাপী খাদ্য ও পানীয় শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ প্রদর্শনী হিসেবে পরিচিত, যেখানে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণের মাধ্যমে নতুন পণ্য, প্রযুক্তি ও ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156371