নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করবে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি সেক্টর সদর দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম।

তিনি বলেন, ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম শুরু করেছে বিজিবি।

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে বিজিবি অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করবে বলে জানান তিনি। বডি অন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোনসহ আধুনিক রায়োট কন্ট্রোল সামগ্রী নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত হবে। এছাড়া ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

খাগড়াছড়ি সেক্টরের অধীনে ২৯৮ নম্বর সংসদীয় আসনে মহালছড়ি উপজেলায় ৩ প্লাটুন, পানছড়ি উপজেলায় ৬ প্লাটুন, দীঘিনালা উপজেলায় ৫ প্লাটুন এবং সদর উপজেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া ২৯৯ নম্বর সংসদীয় আসনের বাঘাইছড়ি উপজেলায় দায়িত্ব পালন করবে ১১ প্লাটুন বিজিবি।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলায় ৮টি এবং বাঘাইছড়িতে ৬টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।

বর্তমানে খাগড়াছড়ি সেক্টরের অধীনে ৫টি ব্যাটালিয়ন ২৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ জানুয়ারি থেকে নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156344