ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ : মেদভেদেভ

ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ : মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে ইউরোপীয় শক্তিগুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, মস্কোর বিরুদ্ধে কৌশলগত চাপ বাড়াতে গিয়ে ইউরোপ উল্টো নিজেই গুরুতর অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, ইউরোপ আমাকে সত্যিই অবাক করেছে। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেরাই নিজেদের অস্তিত্বের ভিত্তি দুর্বল করেছে। এটা সত্যিই অবিশ্বাস্য। তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার ওপর কৌশলগত পরাজয় চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে লক্ষ্য অর্জনে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে মেদভেদেভ বলেছেন, ট্রাম্প একজন কার্যকর নেতা এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তরিকভাবে আগ্রহী। তিনি আরও উল্লেখ করেছেন, ট্রাম্প নিজেও বারবার বলেছেন যে তিনি নিজেকে একজন শান্তি প্রতিষ্ঠাকারী প্রেসিডেন্ট হিসেবে স্মরণীয় করে রাখতে চান।

এদিকে, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন দফার আলোচনা এ সপ্তাহে আবুধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্প রাশিয়ার জন্য ইতিবাচক না নেতিবাচক এমন প্রশ্নের জবাবে মেদভেদেভ বলেছেন, মার্কিন জনগণ ট্রাম্পকে নির্বাচিত করেছে এবং মস্কো সেই সিদ্ধান্তকে সম্মান করে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানের চাপ মোকাবিলায় ট্রাম্প যে সাহস দেখিয়েছেন, তা প্রশংসনীয়। 

মেদভেদেভের মতে, ট্রাম্পের আচরণ অনেক সময় আবেগপ্রবণ বা হঠকারী মনে হলেও তা কার্যকর। অনেকে তাকে বিশৃঙ্খল প্রিয় ব্যক্তি মনে করেন, কিন্তু আসলে তার পেছনে রয়েছে একটি সচেতন ও দক্ষ কৌশল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156306