নাটোরের সিংড়ায় এনসিপি’র কার্যালয় ভাঙচুর, আহত ২
সিংড়া ( নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় এনসিপি’র কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপি’র দুই কর্মী আহত হয়েছেন।গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে অবস্থিত এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপি’র সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ, ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন ব্যক্তি এনসিপি’র কার্যালয়ের সামনে পিকনিক করছিল। এসময় কার্যালয়ে থাকা ১০-১২ জন এনসিপি’র সমর্থক তাদের একটু দূরে গিয়ে পিকনিক করতে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা কার্যালয়ে হামলা চালান। হামলাকারীরা কার্যালয় ভাঙচুর করে এবং ভেতরে থাকা এনসিপি’র কর্মীদের প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এসময় সুলতান ও আহাদ নামের এক এনসিপি কর্মীকে মারধর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মৎস্যজীবী দলের নেতা আব্দুল কুদ্দুস আকন্দ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের দলীয় নেতাকর্মীরা মৌগ্রাম বাজারে শান্তিপূর্ণভাবে পিকনিক করছিলেন। কারো ওপর হামলা, ভাঙচুর বা কাউকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156304