বগুড়ার সারিয়াকান্দিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ক্যামেরা ছিনতাই
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে চাচাতো ভাইয়ের সাজানো নাটকে ফারহান নাবিল (১৯) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে তার ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নাবিল সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়নের উত্তর দীঘলকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউশনের ডিপ্লোমা ইন এগ্রিকালচার বিভাগের ৪র্থ সেমিস্টারের ছাত্র। সে একজন বন্যপ্রাণি আলোকচিত্রী।
এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে চারজনকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। তারা হলো-সোনাতলার উত্তর দীঘলকান্দি গ্রামের জিল্লুর রহমানের ছেলে জোবায়ের হোসেন শাহেদ (২৩), নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মহকুড়ি গ্রামের অসীম চৌধুরীর ছেলে নিরব চৌধুরী (১৯), গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামের নূর আলম সিদ্দিকের ছেলে আব্দুল ওহাব ওরফে চয়ন (২০) এবং একই উপজেলার বাগবাড়ী ইউনিয়নের সোবাতবাড়ী গ্রামের মনিরুজ্জামান মনির (২৫)।
সারিয়াকান্দি থানার সূত্রে জানা গেছে, গত শনিবার নাবিল তার চাচাতো ভাই জোবায়ের হোসেন শাহেদের সাথে সারিয়াকান্দির কালীতলা ঘাটে বেড়াতে আসে এবং তার সাথে থাকা মিরর লেন্স ক্যামেরা দিয়ে ছবি তুলতে থাকে। এরপর তারা চরের ভেতর দিয়ে হেঁটে নদী পার হয়ে কালীতলা গ্রোয়েন বাঁধের যমুনা নদীর পাশে পূর্ব দিকের চরে গিয়ে ছবি তুলতে থাকে। সে সময় সন্ধ্যার দিকে তিনজন যুবক এসে তাদের ঘিরে ধরে এবং এলোপাথারী মারধর শুরু করে।
এ ঘটনার সময় তার চাচাত ভাই তাকে ফেলে পালিয়ে যায়। এক পর্যায়ে নাবিলের হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়ার জন্য বার্মিজ চাকু দিয়ে তার ডান হাতে আঘাত করে। তারা নাবিলের ক্যামেরা, দু’টি লেন্স ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর নাবিল জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়।
পরে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। পরে রাত রাত ৯টার দিকে কালীতলা বাঁধের মতির খাবার হোটেলের সামনে থেকে আসামিদের গ্রেফতার করা হয়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের গতকাল রোববার দুপুরে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156284