রাজশাহীতে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক কামাল মালিকের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক কামাল মালিকের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি: স্ত্রীকে হত্যার অভিযোগে রাজশাহীর সাংবাদিক কামাল মালিকের(৫৫) বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন নিহতের ছোট ভাই শাহাদত হোসেন। মামলায় কামাল মালিককে একমাত্র আসামি করা হয়েছে। জানা যায়, কামাল মালিক রাজশাহীর স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপ-সম্পাদক। তিনি নগরীর হড়গ্রাম বাজারের একটি তিনতলা বাসার তৃতীয়তলায় ভাড়া থাকতেন।

৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় ওই বাসায় যায়। এসময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভেতরে ঢুকে পুলিশ কামাল মালিককে বিছানায় জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। আর মেঝেতে ছিল তার স্ত্রী রওশন আরার (৫০) লাশ। তার গলায় কাপড় প্যাঁচানো ছিল। 
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকেই উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। আর কামাল মালিককে ভর্তি রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জেরে কামাল মালিক তার স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন।

রাজশাহী মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, এ ঘটনায় গতকাল শনিবার রাতে নিহতের ভাই কামাল মালিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। চিকিৎসা শেষে তাকে গ্রেফতার দেখানো হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156283