বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে।

আজ সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

এর আগে সোমবার পিসিবি সভাপতি ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়াকে কেন্দ্র করে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তখন জোর আলোচনা চলছিল। ওই বৈঠকের পর নাকভি জানিয়েছিলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। সব দিক বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা সোমবার নেওয়া হবে।

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। সংস্থাটির যুক্তি ছিল, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়।

আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মহসিন নকভি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত।’

তখন তিনি আরও বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী এখন দেশে নেই। তিনি ফিরে এলে আমরা পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’

এই ঘটনাপ্রবাহ দক্ষিণ এশিয়ার ক্রিকেটে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি।

 

গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারত একই গ্রুপে থাকলেও, আইসিসির মধ্যস্থতায় গৃহীত ‘হাইব্রিড মডেল’-এর আওতায় পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়, অর্থাৎ নিরপেক্ষ ভেন্যুতে।

এর আগে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানালে একই ধরনের সমঝোতার মাধ্যমে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। সেই সমঝোতার অংশ হিসেবেই ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156261