পাবনা-৩ আসনে নারী ভোটাররা বড় ফ্যাক্টর
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন নারী ভোটাররা। এই আসনের মোট ভোটারের অর্ধেকই নারী। ফলে জয়-পরাজয়ের সমীকরণে তাদের ভূমিকাই এখন মুখ্য। বিএনপি, স্বতন্ত্র ও জামায়াতের প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা নানা প্রতিশ্রুতি ও অঙ্গীকারের মাধ্যমে নারী ভোটারদের নিজেদের পক্ষে টানতে সক্রিয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পাবনা-৩(চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। এরমধ্যে নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৮৬২ জন। নারী ভোটারদের ভোট নিজেদের পক্ষে নিতে প্রধান তিন প্রার্থী ভোট প্রার্থনায় মাঠে নামিয়েছে নারী কর্মীদের। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি বিভন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন।
বিএনপি প্রার্থী তুহিনের সহধর্মিনী নিলুফার জাফির, ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য এড. আরিফা সুলতানা রুমাসহ বিএনপি ও মহিলা দলের নেতাকর্মী মাঠে নেমেছেন ভোট প্রার্থনায়। করছেন একাধিক নারী সমাবেশও।
স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র সাবেক এমপি কে.এম আনোয়ারুল ইসলামের ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনায় বাড়ি বাড়ি যাচ্ছেন নারী কর্মীরা। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আলী আছগারের পক্ষে মাঠে নেমেছেন জামায়াতের নারী নেতাকর্মীরা। তারাও বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছেন। জামায়াতের নারী কর্মীদের প্রচার বেশি হচ্ছে বলে জানান একাধিক গৃহবধূ।
এবারের নির্বাচনে নারী ভোটার শুধু সংখ্যাতে নয়, শক্তিতেও কম নয়। গ্রাম থেকে শহর, কৃষি শ্রমিক থেকে উদ্যোক্তা-সব শ্রেণির নারীই চান এমন প্রতিনিধি, যিনি বৈষম্য ছাড়াই নারীর উন্নয়নে কাজ করবেন এবং ভোটের পরেও পাশে থাকবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156260