বগুড়ার ধুনটে ব্যাংক থেকে ঋণের টাকা তুলে রাস্তায় খোয়ালেন এক নারী

বগুড়ার ধুনটে ব্যাংক থেকে ঋণের টাকা তুলে রাস্তায় খোয়ালেন এক নারী

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে সোনালী ব্যাংক থেকে ৯০ হাজার টাকা উত্তোলন করে ডাচ্ বাংলা ব্যাংকের সামনের রাস্তায় সবগুলো টাকা খোয়ালেন সেতু পারভীন (২৬) নামে এক অফিস সহকারী। টাকা হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। সেতু পারভীন উপজেলার মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী এবং ধেরুয়াহাটি গ্রামের মামুন আহম্মেদের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, সেতু পারভীন রোববার ১২টার দিকে সোনালী ব্যাংক ধুনট শাখা থেকে কনজুমার ঋণের ৯০ হাজার টাকা উত্তোলনের পর নিজের ভ্যানিটি ব্যাগে রাখেন। এ সময় এক নারী সহকর্মী তার সঙ্গে ছিলেন। সোনালী ব্যাংকের ভেতর থেকে সহকর্মীর সঙ্গে বের হয়ে শহরের ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনের রাস্তার ফুটপাত থেকে পেয়ারা কেনেন।

এরপর ব্যাগ থেকে টাকা বের করার সময় ব্যাগের চেইন খোলা দেখেন। তখন বুঝতে পারেন ব্যাংক থেকে তোলা ঋণের ৯০ হাজার টাকা কে বা কারা কৌশলে তুলে নিয়েছে। এ ঘটনাটি তাৎক্ষণিকভাবে থানার ওসিকে অবগত করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156232