ফটিকছড়িতে মাদরাসা পরিচালককে কুপিয়ে জখম

ফটিকছড়িতে মাদরাসা পরিচালককে কুপিয়ে জখম

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদ্রাসার মালামাল চুরির চেষ্টা প্রতিহত করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন মাওলানা সেলিম উল্লাহ (৭০)। তিনি জমিরিয়া হোসাইনীয়া বালক বালিকা মাদ্রাসা হেফজ ও এতিমখানার পরিচালক এবং স্থানীয় ওলামা পরিষদের নেতা।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর গ্রামে মাওলানা আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে মাদ্রাসার মালামাল চুরির চেষ্টা করতে গেলে স্থানীয় আলী হোসেনের ছেলে মো. মোজাহার দেশীয় অস্ত্র দিয়ে মাওলানা সেলিম উল্লাহকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয় ও প্রচুর রক্তক্ষরণ ঘটে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

আহত মাওলানা সেলিম উল্লাহর ছেলে মাওলানা মো. আজিজ অভিযোগ করে বলেন, তার পিতা মাদ্রাসার মালামাল চুরি করতে বাধা দেওয়ায় হামলার শিকার হন। ঘটনার পর থেকে হামলার ইন্ধনদাতারা তাকে ও তার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে বলেও তিনি দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় তিনজনকে নির্দিষ্ট ও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন আহতের ছেলে ব্যবসায়ী মো. আজিজ উল্লাহ।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক রুহুল আমিন বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156197