ঘাটাইলে সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হামিদপুর এলাকায় একটি ট্রাক গ্যারেজ থেকে বের হয়ে মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন—গোপালপুর উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শফিউর রহমান সুজন (৪০) এবং ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার শহিদুল ইসলাম (৩৫)।
ওসি মোঃ মোকছেদুর রহমান জানান, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।