সোনারগাঁয়ে অপহৃত যুবক উদ্ধার, অস্ত্রসহ দুজন গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্ত্রের মুখে এক যুবককে অপহরণের ঘটনায় দেশীয় তৈরি পিস্তল ও গুলিসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় আরব আমিরাত মোবিল কোম্পানির বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কোবাগা গ্রামের আজিজুল হকের ছেলে রোহান (২৫) এবং একই এলাকার জাফর মিয়ার ছেলে সবুজ (২৮)।
পুলিশ জানায়, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মধুপুর ভট গ্রামের এ কে সাদিকুল ইসলামের ছেলে সামিন ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চালায় অপহরণকারীরা। খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে রোহান ও সবুজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা দেশীয় তৈরি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। তবে তাদের সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত যুবক সামিন ইসলামকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সকালে তালতলা তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অপহরণ ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি মো. মহিববুল্লাহ বলেন, অপহরণের ঘটনায় দুজনকে অস্ত্রসহ গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপহৃত যুবককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, পুলিশের দ্রুত অভিযানে একটি বড় ধরনের অপরাধ থেকে রক্ষা পেয়েছে অপহৃত যুবক। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156189