কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি : কর্মজীবী নারীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শুরু করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্রদল নেতাকর্মীরা মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও অবমাননাকর আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতারা বলেন, কর্মজীবী নারীরা সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের মর্যাদা ও অধিকার নিয়ে এ ধরনের বক্তব্য সমাজে নেতিবাচক বার্তা দেয় এবং নারীর প্রতি বৈষম্যকে উসকে দেয়। এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও এ ধরনের নারীবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি মন্তব্য প্রকাশিত হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। মন্তব্যটিকে নারীদের প্রতি অসম্মানজনক ও আপত্তিকর উল্লেখ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠন প্রতিবাদ জানায়। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়, দলটির আমিরসহ শীর্ষ কয়েকজন নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। দলটির ভাষ্য অনুযায়ী, একটি সমন্বিত সাইবার হামলার মাধ্যমে স্বল্প সময়ের জন্য ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং সেই সময়েই একটি অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশিত হয়। জামায়াতের দাবি অনুযায়ী, উক্ত পোস্টটি ডা. শফিকুর রহমানের কোনো বক্তব্য, মতামত বা রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করে না।
এ বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানান, দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জামায়াতের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। তিনি ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের নিন্দা জানিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার আহ্বান জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156161