ইরানে বন্দর আব্বাসের পর আরও এক শহরে বিস্ফোরণে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে পৃথক দুটি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর আব্বাসে বিস্ফোরণের পর এবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আরেক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন।
স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গ্যাস লিক থেকেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ-সব মিলিয়ে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশটির উপসাগরীয় উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের-কে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা। অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে আরেকটি বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় তেহরান টাইমস পত্রিকা জানিয়েছে। এই বিস্ফোরণের ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটনের চাপ অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156157